নিজের পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি স্বপদে বহাল আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র পরিচালনার কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতৃত্বের কোনো ধরনের মতবিরোধ থাকার দাবিও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। ওই সাক্ষাৎকার সম্প্রচারের আগেই এর কিছু অংশ প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। সেখানে প্রেসিডেন্ট জানান, দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গেও তাঁর সরকার পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছে। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এসব পুরোপুরি গুজব। যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তিনি নিজেই সরাসরি জনগণকে তা জানাবেন। তবে তিনি পদত্যাগ করছেন না এবং নিজের দায়িত্বে অটল থাকবেন বলে দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
সম্প্রতি বিভিন্ন মহলে তাঁর পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেই জনসমক্ষে এই জোরালো বক্তব্য দিলেন মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী মূলত জাতীয় ঐক্য বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এবং দেশের শত্রুদের স্বার্থ হাসিলের জন্যই এ ধরনের গুজব ছড়াচ্ছে।










