Long Popup (2)
সর্বশেষ

ইরানে নেই মোজতবা খামেনি, দাবি সৌদি সংবাদমাধ্যমের

Muztaba originalProbashircityWebPopupUpdate

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিজ দেশে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তবে তিনি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। ওই ভয়াবহ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। সেদিনের হামলায় মোজতবা খামেনি প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হন। এরপর গত ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এই দীর্ঘ সময়ে তিনি কেবল লিখিত বিবৃতি দিয়ে আসছেন। তাঁর বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তাও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় ও জানাজাতেও মোজতবাকে দেখা যায়নি, যা তাঁর অবস্থান নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে।

এর আগে গত মার্চে বেশ কয়েকটি পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত মোজতবাকে উন্নত চিকিৎসার জন্য গোপনে রাশিয়ার মস্কোতে নেওয়া হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরটি সম্পূর্ণ অস্বীকার করা হয়। এদিকে বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে ইসরায়েলি ওই নিরাপত্তা সূত্রটি আল-হাদাথকে জানিয়েছে, চলমান উত্তেজনার জেরে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা করেও বসে, তবু যুক্তরাষ্ট্র চায় না যে ইসরায়েল ইরানে কোনো পাল্টা হামলা চালাক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate