Long Popup (2)
সর্বশেষ

ভারতে কোটি টাকার আশায় কিশোরের অণ্ডকোষ ‘ছিনতাই’

GjhCity

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি ভিডিওর গুজবে বিশ্বাস করে এক কিশোরকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। মানবদেহের একটি বিশেষ অঙ্গ বিক্রি করে এক কোটি ২০ লাখ রুপি আয়ের লোভে ১৭ বছর বয়সী ওই কিশোরকে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনায় জোহেব খান ও আমির কুরাইশিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ভোপাল পুলিশের জোন-৩–এর উপকমিশনার আয়ুষ গুপ্ত জানান, ইনস্টাগ্রামে একটি ভুয়া রিলস দেখে এই হত্যাকাণ্ডের মূল ছক কষেন বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জোহেব খান। তিনি সাদা অ্যাপ্রন পরে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। জোহেব তাঁর সঙ্গীদের বিশ্বাস করিয়েছিলেন যে, ১৫-১৬ বছর বয়সী কিশোরের অণ্ডকোষ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে প্রায় পৌনে দুই কোটি টাকা আয় করা সম্ভব। এই গুজবের ফাঁদে পড়েই তাঁরা রেহান নামের ওই কিশোরকে হত্যার পরিকল্পনা করেন। পিতৃহীন রেহানের মা পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী এবং রেহান নিজেও শহরের ইকবাল ময়দান এলাকায় কলম ও কি-চেইন বিক্রি করে অভাবের সংসারে সাহায্য করত।

Pb9et2dc madhya pradesh murder 625x300 18 August

পুলিশের তদন্তে জানা যায়, গত ৬ আগস্ট অন্য ছেলেদের সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে এবং ১০০ রুপির প্রলোভন দেখিয়ে রেহানকে নির্জন ধোবিঘাট এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে পৌঁছানোর পর ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার পর জোহেবের নির্দেশনা অনুযায়ী ওই অঙ্গ কেটে একটি পলিথিনে সংরক্ষণ করা হয়। কিন্তু এরপর তারা বুঝতে পারে যে পুরোটাই স্রেফ একটি গুজব ছিল। কয়েক দিন ধরে ওই অঙ্গের কোনো সম্ভাব্য ক্রেতা খুঁজে না পেয়ে হতাশ হয়ে অবশেষে সেটি পানিতে ফেলে দেয় তারা। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ নিশ্চিত করেছে, অনলাইনে ছড়ানো ওই দাবির কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ অঙ্গ পাচার চক্রেরও অস্তিত্ব পাওয়া যায়নি।

গত ১০ আগস্ট ছোট তালাবের কাছের ধোবিঘাট এলাকা থেকে রেহানের পচা-গলা লাশ উদ্ধার করে পুলিশ। শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়েছিল। পরে ১৫ আগস্ট রেহানের মা নিখোঁজ ছেলের খোঁজে থানায় এসে হাতে থাকা একটি বিশেষ ট্যাটু দেখে লাশটি নিজের সন্তানের বলে শনাক্ত করেন। পুলিশ বর্তমানে ওই বিভ্রান্তিকর ভিডিওটির মূল উৎস এবং এর পেছনে অন্য কারও প্ররোচনা আছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate