সর্বশেষ

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

555424Web Popup (3)

বন্ধুর কাছ থেকে মাত্র এক হাজার টাকা ধার নিয়ে ৩৫ বছর পর তা ২৫ গুণ বাড়িয়ে ফেরত দিয়েছেন এক ভারতীয়। বিদেশের মাটিতে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি ধরে রেখে ধার নেওয়া সেই টাকা সুদসহ ফেরত দিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার বাসিন্দা ইসমাইল দীর্ঘ ৩৫ বছর পর তাঁর সাবেক সহকর্মী ও বন্ধু এডলা লাচান্নাকে ধারের এক হাজার টাকার বিপরীতে ২৫ হাজার রুপি ফেরত দিয়েছেন। বন্ধুর কাছ থেকে নেওয়া ধার শোধ করতে ইসমাইল দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিলেন। কিন্তু লাচান্নার ফোন নম্বর, ঠিকানা বা যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তিন দশকের বেশি সময় পর তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মপুরীতে তাঁর সন্ধান পান ইসমাইল এবং ধার করা অর্থ পরিশোধ করেন।

এই বন্ধুত্বের শুরুটা হয়েছিল ১৯৯১ সালে। সে সময় সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সুবাদে ইসমাইল ও লাচান্নার পরিচয় হয়। তাঁরা আরও তিনজন প্রবাসী কর্মীর সঙ্গে একই বাসায় থাকতেন এবং প্রায় পাঁচ বছর একসঙ্গে বসবাস করেন। ওই সময় ইসমাইল তাঁর বন্ধু লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যার তৎকালীন মূল্য ছিল প্রায় এক হাজার রুপি। সামর্থ্য হলে পরে টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

এর কিছুদিন পরই লাচান্না ভারতে ফিরে আসেন। সে সময় মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় একপর্যায়ে দুজনের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে টাকার পরিমাণ খুব সামান্য হলেও ইসমাইল সেই ধারের কথা কখনো ভোলেননি। সম্প্রতি তিনি পুরোনো বন্ধুকে খুঁজে বের করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু জানতেন, লাচান্না ধর্মপুরীর বাসিন্দা। এই সামান্য তথ্য সম্বল করেই তিনি সেখানে যান এবং স্থানীয়দের সহযোগিতায় বন্ধুর সন্ধান পান।

সাক্ষাতের সময় লাচান্না কাজের সুবাদে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করায় দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হয়। এরপর ইসমাইল তাঁর বন্ধুর পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন। এই ঘটনায় চরম বিস্মিত লাচান্না বলেন, প্রায় ৩৫ বছর আগে দেওয়া সামান্য ১২০ রিয়ালের বদলে ২৫ হাজার রুপি ফেরত পাবেন, তা তিনি ভাবতেও পারেননি। ইসমাইলকে একজন সৎ ও ভালো মনের মানুষ আখ্যা দিয়ে তিনি বলেন, এই উদ্যোগ তাঁদের বন্ধুত্বের দৃঢ়তারই প্রতিফলন। এত বছর পর প্রতিশ্রুতি রক্ষা করে টাকাটা ফেরত দেওয়ার জন্য বন্ধুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup