ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে নিছক একটি পশু হিসেবে বিবেচনা করা মানুষদের কড়া সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, ভারতীয় সংস্কৃতিতে গরু কেবল কোনো প্রাণী নয়, বরং তা অর্ঘ্য নিবেদনের পবিত্র পাত্র। সোমবার (১ জুন) একটি সরকারি অনুষ্ঠানে সমসাময়িক বিষয়াবলি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারতে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবিতে বেশ কয়েকজন ধর্মীয় নেতা সরব হয়েছেন। জমিয়ত উলেমা-ই-হিন্দসহ আরও কয়েকটি মুসলিম সংগঠনও একই দাবি তুলেছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন স্থানে আলোচনা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক এসব দাবির প্রসঙ্গ টেনেই যোগী আদিত্যনাথ বলেন, কোনো সন্তানকেই তার মায়ের সম্মান রক্ষার কথা আলাদা করে শিখিয়ে দিতে হয় না। যারা গরুকে শুধু একটি সাধারণ প্রাণী হিসেবে দেখে, মূলত তারাই গরু হত্যাকে সমর্থন করে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকাল অনেক মৌলবি ও মাওলানা গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের। আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার সঙ্গে গরুর ছবি পোস্ট করার বিষয়েও তীব্র আপত্তি জানান তিনি। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর প্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও
এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাম্প্রতিক একটি নির্দেশনার কারণে এবারের ঈদুল আজহার আগে গরু কেনা থেকে বিরত রয়েছেন সেখানকার মুসলিমরা। কয়েক দিন আগে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার একটি নতুন নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু বা মহিষ জবাই করতে পারবেন না। এ ছাড়া জবাইয়ের ক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে বলেও নির্দেশনায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে।










