চীনের গুয়াংদং প্রদেশে এক তরুণীর জীবনের ঝুঁকি নিয়ে ১১ তলা ভবন থেকে পালানোর চেষ্টার ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, পরকীয়া সম্পর্ক গোপন রাখতে গিয়ে এই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েন তিনি। প্রেমিকের স্ত্রীর আকস্মিক আগমন তাকে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার দিন প্রেমিকের স্ত্রী হঠাৎ বাসায় ফিরে এলে বিব্রত প্রেমিক তরুণীকে জানালা দিয়ে নিচে নেমে পালানোর নির্দেশ দেন। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরিহিত তরুণী পাইপ ধরে নিচে নামার চেষ্টা করার সময় পা পিছলে পড়ে যান এবং পাশের একটি ফ্ল্যাটের জানালায় ধাক্কা খান। এসময় সেই ফ্ল্যাটের একজন বাসিন্দা দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলেন এবং নিরাপদে ভেতরে নিয়ে আসেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
‘মাস্টশেয়ারনিউজ’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশিত ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিওটি দেখে হতবাক হয়েছেন এবং নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ ঘটনাটিকে অবিবেচনাপ্রসূত ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ মানবিক দিক থেকে তাকে বাঁচানো ব্যক্তির প্রশংসা করেছেন।
আরও
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রেমিকের স্ত্রী বিষয়টি জানতে পারলে পরকীয়ার সম্পর্ক প্রকাশ পেয়ে যেত—এই ভয় থেকেই তরুণী এমন বিপদজনক সিদ্ধান্ত নেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে নৈতিকতার প্রশ্নও উত্থাপন করেছে এবং সম্পর্কের সংকট কীভাবে জীবনঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে, তার উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা ব্যক্তিগত সম্পর্কের ভাঙন ও গোপনীয়তা রক্ষার মানসিক চাপ কতটা ভয়াবহ হতে পারে তা স্পষ্টভাবে তুলে ধরে। পাশাপাশি সংকটের মুহূর্তে ঝুঁকিপূর্ণ আচরণ কীভাবে জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেটিও এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয়।












