রাজবাড়ীর পাংশায় দুই সন্তানকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন রিক্তা পারভীন (৩৫) নামের এক গৃহবধূ। যাওয়ার সময় তিনি নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২১ সেপ্টেম্বর ভোররাতে কাউকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ নিরুদ্দেশ হন। এ ঘটনায় রিক্তার শ্বশুর বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিক্তার স্বামী মো. রজব আলী প্রামাণিক (৪৫) ইরাকপ্রবাসী। কিছুদিন আগে ফোনে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হলে রিক্তা রাগ করে বাবার বাড়ি চলে যান। পরে তাঁকে ফিরিয়ে আনতে ছেলে ও ছেলের বউ সেখানে যান। রিক্তা ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ছেলের বউ ও ছোট মেয়েকে নিয়ে রাতে এক আত্মীয়ের বাড়িতে থেকে যান। পরদিন ভোরে ঘুম থেকে উঠে ছেলের বউ দেখেন তাঁর শাশুড়ি বিছানায় নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
এদিকে প্রবাস থেকে স্বামী রজব আলী জানান, বিদেশে উপার্জিত সব টাকা তিনি স্ত্রীর ব্যাংক হিসাবেই পাঠাতেন, যার কোনো সঠিক হিসাব তাঁর কাছে নেই। বাড়ি থেকে যাওয়ার সময় রিক্তা ওই টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে তাঁর দাবি। হঠাৎ মাকে হারিয়ে বড় মেয়ে আয়েশা খাতুন (১৫) ও ছোট মেয়ে আনিশা আক্তার (৬) অঝোরে কাঁদছে। স্ত্রীর এমন আকস্মিক অন্তর্ধান ও জমানো সম্পদের খোঁজে দিশাহারা হয়ে পড়েছেন প্রবাসী স্বামীও। পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।








