ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের খেলাধুলা ও পোশাকের ধরন নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের ভূমিকার কড়া সমালোচনা করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। প্রকাশ্যে শর্ট প্যান্ট ও আঁটসাঁট পোশাক পরে মেয়েদের বাস্কেটবল খেলার আয়োজনে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে তিনি এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের সুস্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী জানান, ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের বিজয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং একে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী শক্তির বিজয় বলে মনে করেছিলেন। সিট-বাণিজ্য বন্ধ করা, যোগ্যতার ভিত্তিতে আবাসিক সিট বণ্টন, বৃষ্টির দিনে মেয়েদের জন্য ভ্যানগাড়ি ও আলাদা বাসের ব্যবস্থা এবং গরমে সুপেয় পানি সরবরাহের মতো সাদিক কায়েমের নানা প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন তিনি।
তবে এসব কাজের প্রশংসা করলেও আদর্শিক জায়গা থেকে তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। মাদানী প্রশ্ন তোলেন, কেবল দুনিয়াবি সুযোগ-সুবিধার জন্য কাউকে সমর্থন করা উচিত, নাকি মুসলমানদের কাছে আল্লাহর বিধান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তাঁর মূল আপত্তি মেয়েদের বাস্কেটবল খেলার ধরন ও পোশাক নিয়ে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ইসলামি জায়গা না হলেও শর্ট প্যান্ট ও আঁটসাঁট গেঞ্জি পরে মেয়েদেরখেলার আয়োজনে প্রকাশ্যে উৎসাহ দেওয়া এবং গর্বের সঙ্গে তা উপস্থাপন করাটাই মূল সমস্যা।
আরও
পোস্টে তিনি শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ও মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেমদের দৃষ্টি আকর্ষণ করেন। মাদানী বলেন, সাদিক কায়েমকে অনেক মেয়ে নেতা হিসেবে অনুসরণ করে। শীর্ষ আলেম ও জামায়াত নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা থাকায় সাধারণ অনুসারীরা ভাবতে পারে, তাঁর এসব কর্মকাণ্ড হয়তো ইসলামে বৈধ। তাই এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে সবাইকে সতর্ক করার জোর দাবি জানান তিনি।
সবশেষে রাজনৈতিক আদর্শ ও নীতি নিয়ে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানী বলেন, শুধু উন্নয়নের হিসাব করলে বিগত আওয়ামী লীগ সরকারও অনেক উন্নয়ন করেছিল; কিন্তু আদর্শের জায়গা থেকেই তাদের বিরোধিতা করা হয়েছে। পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল প্রমাণ করতে গিয়ে যদি ইসলামের মৌলিক বিষয়গুলোকে গৌণ করা হয়, তবে সেই ক্ষমতা ইসলামের কোনো উপকারে আসবে না। এমনটি হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।








