রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে অভিনব কায়দায় সর্বস্ব লুটে নেওয়া চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আলামিন শেখ (৩১)। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন ধরে তিনি বিমানবন্দর এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে ওত পেতে থাকতেন এবং প্রবাসীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে সর্বস্ব ছিনিয়ে নিতেন।

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রবাসীদের গাড়িতে তুলে টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পরে তাঁদের বিভিন্ন নির্জন স্থানে নামিয়ে দেওয়া হতো। গ্রেপ্তারের পর আলামিনের ঘর তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড ও তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আরও
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, জেলা পুলিশের একই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









