সর্বশেষ

প্রেমের টানে খুলনায় চীনা প্রকৌশলী

820e08ab693563b6451e751ef93a7e27 6aa2b93537238Web Popup (3)

প্রেমের টানে সুদূর চীন থেকে খুলনার দাকোপে ছুটে এসে এক বাংলাদেশি তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লিও হিউ (৩৫) নামের এক চীনা প্রকৌশলী। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাঁর নতুন নাম রাখা হয়েছে হাসিব। গত মঙ্গলবার নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট ও আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দাকোপ থানা-পুলিশের পক্ষ থেকে বিদেশি নাগরিকের বৈধ অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার বারুইখালী এলাকার বিল্লাল বিশ্বাসের মেয়ে ময়নার (২৪) সঙ্গে প্রায় ৯ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা লিওর। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়া এক সন্তানের জননী ময়নার টানে গত সোমবার বাংলাদেশে আসেন লিও। বর্তমানে এই নবদম্পতি ময়নার বাবার বাড়িতেই অবস্থান করছেন। ভাষাগত দূরত্বের বিষয়ে ময়না জানান, লিওর কথা তিনি কিছুটা বুঝতে পারেন, আর বাকিটা অনুবাদ অ্যাপের সাহায্যে চালিয়ে নেন।

এদিকে বিয়ের পর দেশীয় খাবার ও গ্রামীণ পরিবেশ বেশ পছন্দ করেছেন চীনা এই যুবক। পরিবারের সবার সঙ্গেও তাঁর চমৎকার সখ্য গড়ে উঠেছে। ময়নার বাবা বিল্লাল বিশ্বাস জানান, বিদেশি হলেও লিওকে জামাই হিসেবে তাঁদের খুব পছন্দ হয়েছে। এক মাসের ছুটি শেষে আপাতত তিনি একাই চীনে ফিরে যাবেন। পরবর্তীতে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে ময়নাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ বিষয়ে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার জানান, বারুইখালী এলাকায় এক চীনা যুবকের বিয়ের খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। তদন্তে জানা গেছে, ওই চীনা নাগরিক বৈধ কাগজপত্র ও ভিসা নিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন এবং দেশের প্রচলিত আইন মেনেই স্থানীয় ওই নারীকে বিয়ে করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup