সর্বশেষ

হাঁস চুরি করে পুরস্কার পেল তিন শিশু

LkWeb Popup (3)

ফুটবল কেনার প্রবল শখ, কিন্তু টাকা জোগাড় করার কোনো সামর্থ্য নেই। উপায় না পেয়ে শেষ পর্যন্ত প্রতিবেশীর হাঁস চুরি করে বসে তিন শিশু। হাটে সেই হাঁস বিক্রি করতে গিয়ে ধরাও পড়ে তারা। তবে এই ঘটনাটিকে নিছক অপরাধ হিসেবে না দেখে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। শিশুদের ভুলের জন্য শাস্তির বদলে তাদের হাতে নতুন একটি ফুটবল তুলে দিয়ে বিদ্যালয়মুখী হওয়ার উৎসাহ জুগিয়েছেন তিনি।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুতুবদিয়ার অফিসার্স ক্লাবে ডেকে এনে ওই তিন শিশুর হাতে ফুটবলটি উপহার দেন ইউএনও। স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের শাহানেক (১৩), মিনহাজ (১২) ও মুজাহিদ (১১) দীর্ঘদিন ধরেই একটি ফুটবল কেনার স্বপ্ন দেখছিল। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তারা গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর দুটি হাঁস চুরি করে ধুরুং বাজারে বিক্রি করতে যায়। সেখানেই স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিষয়টি ধরা পড়ে যায়।

জিজ্ঞাসাবাদে শিশুরা অবকপটে স্বীকার করে, কেবল একটি ফুটবল কেনার টাকা জোগাড় করতেই তারা এই চুরির আশ্রয় নিয়েছিল। বিষয়টি কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবুল কাশেমের মাধ্যমে ইউএনও মো. মিজানুর রহমানের নজরে আসে। পুরো ঘটনাটি জানার পর তিনি শিশুদের শাস্তির বদলে তাদের খেলার প্রতি এই গভীর আগ্রহকে ইতিবাচকভাবে কাজে লাগানোর উদ্যোগ নেন।

শিশুদের হাতে নতুন ফুটবল তুলে দেওয়ার সময় ইউএনও মো. মিজানুর রহমান তাদের ভবিষ্যতে আর কোনো অপরাধে না জড়িয়ে নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন। এ বিষয়ে তিনি বলেন, শিশুদের ভুলের জন্য শাস্তি না দিয়ে তাদের ভালো পথে ফেরার বার্তা দেওয়া হয়েছে। তাদের এই উৎসাহ ধরে রাখতেই ফুটবল উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল থেকে ঝরে পড়া এই শিশুদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup