রাজধানীর ধানমন্ডির পর এবার মহাখালীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে শহরের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে দুই স্থানেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থিত এপেক্সের একটি শোরুমে প্রথম আগুন লাগে। মীনা বাজারের দক্ষিণ দিকে থাকা ওই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এখন পর্যন্ত সেখানে কোনো হতাহত বা কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
আরও


ধানমন্ডির এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেলা ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ারের (এস কে শপিং মল) পেছনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে আগুন লাগে। সংবাদ পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দ্রুত তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
তাৎক্ষণিকভাবে মহাখালীতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় স্থানেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।










