Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে প্রবাসীদের ‘লাগেজ যুদ্ধ’: ট্রলি নেই, মাথায় তুলে বইতে হচ্ছে বোঝা!

24121 6a9e5bc63c16cCity

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্বস্তির বদলে যাত্রীদের শুরু হয় লাগেজ ও ট্রলি খোঁজার নতুন সংগ্রাম। ট্রলি সংকট ও নানামুখী অব্যবস্থাপনার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও প্রবাসীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ট্রলি না পাওয়া এবং ১ ও ২ নম্বর টার্মিনালের ‘ক্যানোপি’ এলাকা গ্রিল দিয়ে আটকে দেওয়ায় লাগেজ নিয়ে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ট্রলি টার্মিনালের বাইরে নেওয়ার পথ বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেককে ভারী লাগেজ মাথায় তুলেই গন্তব্যের দিকে রওনা হতে হচ্ছে, যেখানে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

দীর্ঘ তিন বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরা প্রবাসী ফেরদৌস আলম জানান, ইমিগ্রেশন শেষে ৭ নম্বর কনভেয়ার বেল্টের সামনে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর লাগেজ পেলেও ট্রলির অভাবে তাঁকে চরম বিপাকে পড়তে হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ট্রলি পেলেও অব্যবস্থাপনার কারণে বিমানবন্দর থেকে বের হতে তাঁকে চরম ভোগান্তি পোহাতে হয়। শেফালী নামের আরেক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, লাগেজ ও ট্রলি পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ার এমন হয়রানি অন্য কোনো বিমানবন্দরে নেই। বেবিচক সূত্রে জানা গেছে, বছরে ৮০ লাখ যাত্রী ধারণক্ষমতার এই বিমানবন্দরে গত বছর রেকর্ড ১ কোটি ২৭ লাখ যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৩৪টি এয়ারলাইনসের ১৫৯ থেকে ২০০টি ফ্লাইটে ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন, যার কারণে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এই সংকট প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, অতিরিক্ত যাত্রীচাপের তুলনায় স্থানস্বল্পতা ও মাত্র আটটি কনভেয়ার বেল্ট থাকায় মূলত এই সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে মোট ৩ হাজার ৯২০টি ট্রলির মধ্যে মেরামতের জন্য কিছু বাদ দিয়ে ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০টি ট্রলি নিয়মিত ব্যবহৃত হচ্ছে। তবে একসঙ্গে চার-পাঁচটি বা আট-দশটি ফ্লাইট নামলে সরবরাহে বড় ধরনের টান পড়ে। তবে সংকট নিরসনে গাজীপুর মেশিন টুলস কারখানা থেকে ৫০০টি নতুন ট্রলি কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বেবিচকের সেমসু পরিচালক আবদুল করিম মোল্লা। এর মধ্যে চলতি মাসেই প্রথম চালানে ২০০টি ট্রলি বিমানবন্দরে যুক্ত হবে। কর্তৃপক্ষ আশা করছে, নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বর্তমান এই ট্রলি সংকট ও যাত্রী ভোগান্তির স্থায়ী অবসান হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate