নারায়ণগঞ্জে মদ্যপ অবস্থায় মাতলামি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান। গত শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ওই পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এসআই আবদুল মান্নান নেশাগ্রস্ত অবস্থায় অত্যন্ত অস্বাভাবিক ও অসংলগ্ন আচরণ করছেন। কখনো তিনি মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। কিছুক্ষণ পর তাঁকে রীতিমতো বিলাপ করতেও দেখা যায়। একজন পুলিশ কর্মকর্তার এমন কাণ্ড দেখে সেখানে স্থানীয় উৎসুক লোকজন জড়ো হন। এ সময় উপস্থিত জনতা তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি জানান, স্ত্রীর মারধরের শিকার হয়েই তিনি মদ পান করেছেন।
তবে ঘটনাটি নিয়ে সদর নৌ থানা পুলিশের ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, আবদুল মান্নান মূলত পারিবারিক নানা কারণে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর পরিবারের কাছ থেকে এ-সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। মদ্যপ অবস্থায় মাতলামির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।








