Long Popup (2)
সর্বশেষ

‘সারা জীবন কৃতজ্ঞ থাকব’ মেসেজ পাঠিয়ে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে চালক উধাও

DownloadCity

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে ব্যাগভর্তি এক কোটি টাকা নিয়ে জাহিদ হাসান (৩০) নামের এক চালক পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার (২ সেপ্টেম্বর) গাজীপুরভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চালক জাহিদের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকায়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী চীনা নাগরিক ইউ শ্যালি প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত এবং গাজীপুরে তাঁর চারটি কারখানা রয়েছে। গত ৩ এপ্রিল থেকে জাহিদ তাঁর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানা থেকে কাজ শেষে চালক জাহিদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইউ শ্যালি। সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামিয়ে তিনি খাবার খেতে ভেতরে যান। এই সুযোগে গাড়িতে থাকা এক কোটি টাকার ব্যাগ নিয়ে চালক জাহিদ পালিয়ে যায়। পরে খাওয়া শেষে ফিরে এসে তিনি গাড়ি ও চালক কাউকেই না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

ঘটনার পর চালক জাহিদ ওই চীনা ব্যবসায়ীর মুঠোফোনে একটি আবেগঘন খুদে বার্তা (এসএমএস) পাঠান। সেখানে তিনি লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি গুলশানের লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি, তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না বাঁচব কি না, বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি, কারণ আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’ পরে এই বার্তার সূত্র ধরে গুলশানের ওই পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তারসহ খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate