সৌদি আরবের দাম্মামে ভবনের ছাদ থেকে পড়ে মো. ফিরোজ নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৯ আগস্ট বিকেলে তোকবা এলাকায় একটি চারতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা।
দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে বৈধ নথিপত্র ছাড়াই দেশটিতে গিয়েছিলেন ফিরোজ। বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। এখন বৈধ কাগজপত্র না থাকায় তাঁর মরদেহ দেশে ফেরানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয়জনের মুখ শেষবারের মতো দেখতে এবং দেশের মাটিতে দাফনের আকুতি জানিয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন নিহতের শোকার্ত পরিবারের সদস্যরা।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসন ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ আশ্বাস দিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দেশে আনতে সব ধরনের আইনি ও দাপ্তরিক সহযোগিতা করা হবে।










