যশোরে পাওনা ১০ লাখ ২০ হাজার টাকা আদায়ে দেনাদারের বাড়ির সামনে ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে অভিনব এক প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক প্রবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শহরের আর এন রোড এলাকার ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে প্রতীকী অনশনে বসেন তিনি। পাওনা টাকা ফেরত পেতে দিনের পর দিন ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। প্রবাসীর এই অভিনব প্রতিবাদের ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, আল আমিনের কাছ থেকে একটি দোকান বিক্রির কথা বলে ওই টাকা নিয়েছিলেন শাহরিয়ার পলাশ। পুরো টাকা পরিশোধের পর দোকানটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও পলাশ নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে আল আমিন খোঁজ নিয়ে জানতে পারেন, যে দোকানটি তাঁর কাছে বিক্রির কথা বলা হয়েছিল, সেটির মালিকানা নিয়ে পলাশের শরিকদের মধ্যে আইনি ও পারিবারিক বিরোধ রয়েছে এবং পলাশ এককভাবে ওই দোকানের মালিক নন। বিষয়টি বুঝতে পেরে আল আমিন দোকানটির বদলে তাঁর মূল পাওনা টাকা ফেরত চান; কিন্তু শাহরিয়ার পলাশ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন কৌশলে তাঁকে ঘোরাতে থাকেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার পলাশ নিজের দায় স্বীকার করে তাঁর অবস্থান জানিয়েছেন। তিনি জানান, শরিকদের সঙ্গে পারিবারিক সমস্যার কারণেই আল আমিনের কাছে নির্ধারিত দোকানটি হস্তান্তর করা সম্ভব হয়নি। তবে তিনি পাওনা টাকা আত্মসাৎ করতে চান না বলে দাবি করেছেন। বর্তমানে দোকানটি অন্য কোনো পক্ষের কাছে বিক্রি করার চেষ্টা চলছে এবং এটি বিক্রি করা সম্ভব হলেই আল আমিনের সমস্ত পাওনা টাকা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।









