কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩১ ভরি সোনাসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতদের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছিল। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই যুবক হলেন কক্সবাজার সদর উপজেলার ঘোনারপাড়ার মো. আজিম (৩৩) এবং মো. ফারুক (২৮)।
কোস্ট গার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সোনার একটি চালান দেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাতটার দিকে নতুন ফিশারিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি সোনা, ৪টি মুঠোফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং ৩টি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, শুল্ক ফাঁকি দিয়ে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যেই সোনার এই চালানটি দুবাই থেকে আনা হয়েছিল। এর আগেও তারা একাধিকবার এমন চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন। কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য ও সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









