ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আসরে ‘আস্ত খাসি’ না পেয়ে বিয়ে ভেঙে দেওয়া সেই আলোচিত জাপানপ্রবাসী জোনায়েদ মিয়া অবশেষে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন। আগের ঘটনার ঠিক এক দিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে ছয় লাখ টাকা দেনমোহরে নতুন এই বিয়ে সম্পন্ন হয়। মজার বিষয় হলো, নতুন বিয়ের আসরে বরের বিশেষ খাবার বা ‘খদ্দরে’ ঠিকই পরিবেশন করা হয়েছে কাঙ্ক্ষিত সেই ‘আস্ত খাসি’। সামাজিক যোগাযোগমাধ্যমে বরের পাতে খাসি পরিবেশনের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে ব্যাপক রসিকতা ও আলোচনার সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জাপানপ্রবাসী জোনায়েদের সঙ্গে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জোনায়েদ নিজেই বিষয়টি নিশ্চিত করে তাঁদের নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কাকতালীয়ভাবে আগের কনের পাশের গ্রামের এক তরুণীর সঙ্গেই তাঁর এই নতুন বিয়ে সম্পন্ন হলো।
এর আগে গত সোমবার বিকেলে ধরখার ইউনিয়নেরই তোলাতলা গ্রামে প্রথম বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জোনায়েদ। কনেপক্ষের অভিযোগ ছিল, বিয়ের আনুষ্ঠানিকতায় বরের বিশেষ খাবারে আস্ত খাসি না থাকায় চরম আপত্তি জানান তিনি। খাসি ছাড়া খাবার গ্রহণ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অস্বীকৃতি জানান জোনায়েদ। সে সময় উপস্থিত স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং বিয়ে না করেই আসর থেকে ফিরে যান। মুহূর্তের মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই খাসি দিয়ে নতুন বিয়ের মাধ্যমে আবারও আলোচনায় এলেন এই প্রবাসী।









