Long Popup (2)
সর্বশেষ

রোমের পর এবার কাঠমান্ডু, বিমানের বারবার যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের চরম ভোগান্তি!

ঈদ উপলক্ষে বিশেষ ফ্লাইট নিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সCity

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। সর্বশেষ রোববার নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। এর মাত্র কয়েক দিন আগেই ইতালির রোমে একই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর দেশে ফেরেন বিমানের আরেকটি ফ্লাইটের যাত্রীরা। একের পর এক এমন ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটির যাত্রীসেবা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

রোববার বিকেলে কাঠমান্ডু থেকে ১২৭ জন যাত্রী নিয়ে বিজি-৩৭২ নম্বরের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং পাস অনুযায়ী বিকেল ৩টায় বোর্ডিং এবং ৪টায় ফ্লাইট উড্ডয়নের সময় নির্ধারিত ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি গন্তব্যে ছেড়ে যেতে পারেনি। ফলে বিমানবন্দরেই দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয় যাত্রীদের। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান জানান, আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানো হয়েছে, যা বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কাঠমান্ডুর এই ঘটনার ঠিক আগেই ইতালির রোমে বিমানের আরও একটি ফ্লাইটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা বিজি-৩০৬ ফ্লাইটটি গত শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে মেরামত করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, ফলে তাঁদের টার্মিনালেই দীর্ঘ সময় আটকে থাকতে হয়। পরে ঢাকা থেকে প্রকৌশলী দল প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে রোমে গিয়ে উড়োজাহাজটি সচল করার পর গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি আন্তর্জাতিক রুটে এমন বিপর্যয়ের পর সাধারণ যাত্রী ও এভিয়েশন খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রশ্ন উঠেছে, কেন বারবার বিমানের এমন যান্ত্রিক সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, উড়োজাহাজগুলোর নিয়মিত ও নিবিড় রক্ষণাবেক্ষণের অভাবেই মূলত বারবার এমন কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। পর্যাপ্ত দক্ষ প্রকৌশলীর অভাব, সময়মতো যন্ত্রাংশ কেনা ও সরবরাহ না পাওয়া এবং রক্ষণাবেক্ষণ কাজে দীর্ঘসূত্রতার কারণেই উড্ডয়নের আগে বা যাত্রাবিরতির সময় বারবার এমন সমস্যা ধরা পড়ছে। এ ছাড়া ফ্লাইট পরিচালনা ও উড়োজাহাজের সুষ্ঠু ব্যবস্থাপনার ঘাটতি থাকায় ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা গ্রহণে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিমানের এই ধারাবাহিক যান্ত্রিক ত্রুটি শুধু যাত্রীদের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে সংস্থাটির সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তিও চরমভাবে ক্ষুণ্ন করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate