Long Popup (2)
সর্বশেষ

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে থানার প্রধান ফটকের সামনে বাবার মৃত্যু

Prothomalo bangla 2026 08 16 fmbf86av CumillaDH175220260816IMG20260816113540City

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ দিতে থানায় যাচ্ছিলেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। কিন্তু থানার প্রধান ফটকের সামনে পৌঁছাতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সামনে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আবু তাহের মজুমদার। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম শরীফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় তাঁর বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্থানীয়দের অভিযোগ, গতকাল শনিবার সকালেও শরীফ তাঁর বাবাকে মারধর করেন এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আবু তাহেরকে উদ্ধার করেন। ছেলের এমন অমানবিক নির্যাতনের হাত থেকে বাঁচতে এবং বিচার চাইতে দুপুরের দিকে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে পুলিশের কাছে পৌঁছানোর আগেই থানার প্রধান ফটকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, অভিযোগ দিতে এসে থানার ফটকের সামনেই ওই বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চিকিৎসা প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate