ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইয়াছিন আহমেদ (২৭) নামের এক সৌদিপ্রবাসী যুবক। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্ত্রী তুলি বেগম (২১)। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডসংলগ্ন মালিহাতা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার (মুসলিম মোড়) পূবালী ব্যাংক ভবনের মালিক প্রয়াত বাক্কী মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র ছেলে ছিলেন, তাঁর দুটি বোন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৭ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ইয়াছিন। সেখানে তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। গত ২৪ জুলাই ছুটিতে দেশে এসেছিলেন তিনি। আগামী ১৭ অক্টোবর তাঁর আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল; এমনকি ফেরার টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনা সব এলোমেলো করে দিল।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে দুই বছর বয়সী শিশুসন্তান আলিফকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সরাইলের তিতাস নদীসংলগ্ন ‘মিনি কক্সবাজার’ এলাকায় ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে ফেরার পথে মালিহাতা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরতে দেরি হওয়ায় ইয়াছিনের মুঠোফোনে কল করেন স্বজনেরা। তখন দুর্ঘটনাস্থলে থাকা স্থানীয় ব্যক্তিরা কল ধরে দুর্ঘটনার খবর জানান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই ইয়াছিনের মৃত্যু হয়। তাঁর স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব পৌর শহরের কমলপুর মাদ্রাসা মাঠে ইয়াছিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











