বরিশালের গৌরনদীতে মাত্র ৭৩ দিনে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময়ের জন্ম দিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। অদম্য মেধাবী এই শিশুটির নাম মুসাইব হোসাইন। দ্রুততম সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ গতকাল রাতে মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মুসাইব গৌরনদী উপজেলা গেটসংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। তার বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান বেপারি। পরিবার ও মাদ্রাসা সূত্র জানায়, প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই মুসাইব অত্যন্ত মেধাবী। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে নানা পুরস্কার জিতেছিল। ছেলের এই মেধা যেন ধর্মের কাজে লাগে, সেই উদ্দেশ্যেই পরিবারের সিদ্ধান্তে তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ২ মাস ১৩ দিনে সে পুরো কোরআন মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করে।
মাদ্রাসার মুহতামিম হাফেজ কারি একরামুল হক জানান, অন্য ছাত্ররা যখন বিকেলে খেলাধুলা করত কিংবা রাতে ঘুমাত, মুসাইব তখন একান্ত আগ্রহে কোরআন তিলাওয়াতে মগ্ন থাকত। প্রবল ইচ্ছাশক্তির কারণে কখনো কখনো সে এক দিনেই এক পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। বিষয়টিকে তিনি সম্পূর্ণ আল্লাহর বিশেষ রহমত বলে মনে করেন। ছেলের এমন সাফল্যে চরম গর্বিত বাবা মিজানুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর বিস্ময় বালক মুসাইব জানিয়েছে, ভবিষ্যৎ জীবনে সে একজন বিশিষ্ট আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।










