হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইসমাইল বাকায়ি জানান, নৌপথটির বিষয়ে দুই দেশের মধ্যে যৌথ ঘোষণা প্রস্তুতের কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এ ক্ষেত্রে তেহরানের পক্ষ থেকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, এই প্রক্রিয়ায় ‘নির্দিষ্ট কিছু তৃতীয় পক্ষ’ কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, ওমানের সঙ্গে হওয়া এই সমঝোতাটি মূলত হরমুজ প্রণালির নির্দিষ্ট নৌপথটির ভৌগোলিক বিন্যাস ও নৌচলাচলসংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে চূড়ান্ত যৌথ ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত এই সমঝোতার বিস্তারিত শর্ত বা রূপরেখা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।











