সর্বশেষ

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন নিয়ে জরুরি নির্দেশনা

BangWeb Popup (3)

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নতুন পাসপোর্ট ইস্যু ও পুরোনো পাসপোর্ট নবায়নের জন্য জমা পড়ে থাকা সব আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালতের এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৯০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইনসচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত তাঁর আদেশে আরও বলেছেন, আগামী ২১ দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠাতে হবে। প্রবাসীদের জমা দেওয়া আবেদনগুলো যেন দ্রুততম সময়ে পাসপোর্ট অধিদপ্তরে পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো, তার অগ্রগতি ৩০ দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা ও চরম ভোগান্তির বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে একটি রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সংগঠনটির পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম। আবেদনে বলা হয়, নতুন ই-পাসপোর্ট ইস্যু ও নবায়নে এই অস্বাভাবিক বিলম্ব সংবিধানে নিশ্চিত করা আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সম্পূর্ণ পরিপন্থী।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী সময়মতো ভিসা নবায়ন করতে পারছেন না। এতে তাঁরা যে দেশে কর্মরত আছেন, সেখানে বৈধ অবস্থান হারানোর পাশাপাশি চাকরিচ্যুতির ও আইনি জটিলতার ঝুঁকিতে পড়ছেন। রিটকারীদের ভাষ্য, পাসপোর্ট অধিদপ্তরের এই দীর্ঘসূত্রতার নেতিবাচক প্রভাব প্রবাসীদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আদালতের এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়িত হলে প্রবাসীদের দীর্ঘদিনের এই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup