আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। নুর তার পোস্টে উল্লেখ করেন, আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি তাঁরা অবগত আছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও লেখেন, দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে তাঁর নিজের যেমন ভালো লাগবে, তেমনি সরকারের জন্যও তা ইতিবাচক হবে। বিগত দিনের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলায় প্রবাসীদের ক্ষোভ থাকাটা যৌক্তিক। দায়িত্ব নেওয়ার পর থেকে ভালো কিছু করার চেষ্টা করছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সময় লাগলেও ভবিষ্যতে নতুন ও ভালো কিছু হবে। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
দীর্ঘদিন ধরেই আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কাজের ভিসা ও পর্যটক ভিসা সুবিধা অনেকটা স্থগিত রয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এই শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানো কার্যত স্থবির। এতে ভাগ্যবদলের আশায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া আমিরাতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরাও কর্মীর অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।










