ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ফেনীর সোনাগাজীতে ওমানপ্রবাসী এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত তরুণী অবশেষে আপসের মাধ্যমে নিজ এলাকায় ফিরে গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মধ্যস্থতায় ২০ হাজার টাকার বিনিময়ে নীলফামারীর ওই তরুণী প্রেমিক আরিফ হোসেনের বাড়ি ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার রাত থেকে তালাবদ্ধ ওই বাড়ির সামনে তিনি অবস্থান নিয়েছিলেন।
জানা যায়, ওমানপ্রবাসী আরিফের সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছুটিতে দেশে ফেরার পর তাঁদের সরাসরি দেখা হলে তরুণীকে অপছন্দ হওয়ায় আরিফ সব যোগাযোগ বন্ধ করে দেন। পরে ঠিকানা খুঁজে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে আরিফের বাড়িতে হাজির হন ওই তরুণী। এ সময় আরিফ ও তাঁর পরিবার ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন।
পরিস্থিতি সামাল দিতে তরুণীর বিরুদ্ধে প্রতারণা ও ‘হানি ট্র্যাপ’–এর অভিযোগ এনে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন আরিফের মা। তাঁর দাবি, ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, ফলে এখন বিয়ে দেওয়া সম্ভব নয়। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ২০ হাজার টাকা যাতায়াত খরচ দিয়ে ওই তরুণীকে ফেরত পাঠানো হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।










