চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ির (জিপ) চাপায় পারভীন আক্তার (৪৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর বাজারের কাছে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভীন উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার আবদুস সালামের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, বিদেশফেরত দুই ভাইকে দেখতে গতকাল বিকেলে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বাবার বাড়ি চাড়ালিয়া হাটের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী চাঁদের গাড়িটি তাঁদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, সড়কের ওপর অটো রাইস মিলের যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখার কারণেই নিয়মিত যানজট সৃষ্টি হয় এবং এমন প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আরও
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








