সিলেটের ঘাসিটুলা এলাকায় প্রাইভেট কার নিয়ে অভিনব কায়দায় একটি মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার ফটকের সামনে এ ঘটনা ঘটে। চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা রঙের প্রাইভেট কার মাদ্রাসার দানবাক্সের সামনে এসে থামে। কিছুক্ষণ অপেক্ষার পর গাড়ি থেকে প্রথমে এক যুবক ও পরে সাদা টি-শার্ট পরা আরেক যুবক নেমে আসেন। এরপর তাঁরা ড্রিল মেশিন ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে দানবাক্সের তালা ভেঙে ফেলেন এবং ভেতরের কিছু টাকা বের করে গাড়িতে ওঠেন। এ সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল চলে যেতে দেখা যায়। মোটরসাইকেলটি পার হওয়ার পর ওই চক্রের একজন আবারও গাড়ি থেকে নেমে দানবাক্সের অবশিষ্ট টাকাগুলো সংগ্রহ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত একই রাতে ওই এলাকার আরও কয়েকটি মসজিদে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। অভিনব এই চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িত চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তাঁরা।
আরও
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে চুরির বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে দুজন উপপরিদর্শকের (এসআই) সমন্বয়ে পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।










