সর্বশেষ

প্রথম স্ত্রীকে না জানিয়েই বিয়ের পিঁড়িতে প্রবাসী, অতঃপর রক্তক্ষয়ী সংঘর্ষ!

FileProbashircityWebPopupUpdate

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ আগস্ট চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে প্রবাসী মহিম উদ্দিন রুবেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান এবং কয়েক মাস আগে দেশে ফেরেন। রুবেলের দাবি, স্ত্রীর শারীরিক অক্ষমতার কারণে গত ৩ মার্চ তিনি নোটারি পাবলিকের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এরপর শনিবার রুবেলের পরিবার তাঁর দ্বিতীয় বিয়ের দিন ধার্য করে এবং আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল।

ENP

দ্বিতীয় বিয়ের খবর পেয়ে শনিবার দুপুরে প্রথম স্ত্রী রিমা আক্তার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বর রুবেলের বাড়িতে উপস্থিত হন। এ সময় বিয়ের আয়োজনে বাধা দিলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রিমা আক্তার, তাঁর মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগমসহ অন্তত ৭ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় রেফার করেন। এ ঘটনায় রুবেলের পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

ভুক্তভোগী রিমা আক্তারের অভিযোগ, কিছুদিন আগে স্বামী তাঁকে বাবার বাড়িতে রেখে আসার পর আর কোনো খোঁজ নেননি। তালাক দেওয়ার যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। তাঁকে না জানিয়েই গোপনে দ্বিতীয় বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে গেলে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অন্যদিকে অভিযুক্ত মহিম উদ্দিন রুবেল বলেন, ‘স্ত্রী শারীরিকভাবে অক্ষম হওয়ায় আমি তাঁকে আগেই আইনিভাবে তালাক দিয়েছি। আজ নতুন বিয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে তাঁরা আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালান।’

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানায়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, পুলিশের কাছে সংঘর্ষের খবর এসেছে এবং তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate