কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে রেমিট্যান্স যোদ্ধাদের এই মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দীর্ঘ বিলম্বের পর বিশেষ ব্যবস্থায় এসব মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডেস্কের কর্মকর্তারা জানান, কুয়েতের পাশাপাশি একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে এক দিনেই ৩২ জন প্রবাসীর নিথর দেহ দেশে ফিরল।
একসঙ্গে এতগুলো মরদেহ আসার কারণ সম্পর্কে প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কুয়েতগামী নিয়মিত ফ্লাইট বাতিল করতে হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণেই মৃত প্রবাসীদের মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে স্বজনদের কাছে পাঠানো সম্ভব হয়নি।
আরও
দীর্ঘ সময় ধরে মরদেহ আটকে থাকায় দেশে অপেক্ষায় থাকা স্বজনদের উদ্বেগ বাড়ছিল। পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সেই ফ্লাইটের মাধ্যমেই আটকে থাকা ৩০ জনের মরদেহ দেশে আনার এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।











