সর্বশেষ

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

ScreenshotProbashir city Popup 19 03

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা আলিফা নামের পাঁচ বছরের এক শিশুকে ভুল করে কুকুরের কামড়ের টিকা (ভ্যাকসিন) দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে এই চরম অবহেলার ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে আলিফাকে তীব্র জ্বর নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঠিক একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তাঁর ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা করাতে সেখানে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম দুই রোগীকে দেখে আলাদা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেন। কিন্তু সেখানে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র যাচাই না করেই নাজমুলের জন্য আনা কুকুরের কামড়ের টিকাটি ভুল করে শিশু আলিফার শরীরে পুশ করেন।

এই অমার্জনীয় ভুলের বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম চরম আতঙ্ক প্রকাশ করে জানান, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই ওই স্বাস্থ্যকর্মী অন্য রোগীর টিকা তাঁর মেয়ের শরীরে দিয়ে দেন। তিনি বলেন, এমনিতেই শিশুটির শরীরে প্রচণ্ড জ্বর, তার ওপর এই ভুল টিকার কারণে বড় কোনো শারীরিক ক্ষতি হয়ে যায় কি না, তা নিয়ে তাঁরা ভীতির মধ্যে আছেন। তিনি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ নিজের ভুলের কথা স্বীকার করে দাবি করেছেন, ভুল করে অন্য রোগীর টিকা দেওয়া হলেও এতে শিশুটির কোনো শারীরিক ক্ষতি হবে না।

পুরো বিষয়টি নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান জানান, এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা তিনি জেনেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে চরম অবহেলার কারণে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারিসহ প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03