সর্বশেষ

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, লজ্জায় দেশ ছাড়লেন প্রবাসী

Iftar party with stolen cows, expatriate leaves country in shameCity ads Investment (1)

সিলেটের ওসমানীনগরে একটি ইফতার মাহফিলে চুরি করা গরুর মাংস পরিবেশন নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে আয়োজিত এই ইফতার মাহফিলে চুরির গরু জবাইয়ের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধুর অর্থায়নে আয়োজিত এই মাহফিলে কেয়ারটেকারের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে বিব্রত হয়ে শেষ পর্যন্ত ওই প্রবাসীকে দেশ ছাড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর পক্ষ থেকে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। ইফতারের জন্য তিনটি গরু কেনার টাকা দেওয়া হলেও কেয়ারটেকার সাঈদী টাকা বাঁচিয়ে প্রতিবেশী নাজমুল ইসলামের মাঠ থেকে হারিয়ে যাওয়া একটি গরু ধরে এনে জবাই করেন। ইফতারের পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, জবাই করা গরুটি প্রকৃতপক্ষে নাজমুল ইসলামেরই ছিল।

এই নজিরবিহীন ঘটনায় সামাজিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন দাতা আহমদ মধু। তিনি তাৎক্ষণিকভাবে গরুর মালিককে ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন এবং নিজের নির্দোষিতা প্রমাণে একটি ভিডিও বার্তা প্রচার করেন। তবে কয়েক গ্রামের মানুষের ইফতারে চুরির মাংস পরিবেশনের এই গ্লানি সইতে না পেরে শুক্রবার রাতেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দানশীল হিসেবে পরিচিত ওই প্রবাসীর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup