বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রশিবিরের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলামের সহধর্মিণী জুআয়রিয়া রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজি। পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে।
জাহিদুল ইসলাম শিক্ষা জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এবার তিনি দাম্পত্য জীবনে পদার্পণ করলেন।
আরও
আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের। এ ছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান শীর্ষনেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।









