প্রবাসী ভোটারদের ঠিকানা শনাক্ত করতে না পারায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে ৪ হাজার ব্যালট এবং ইতালি থেকে এসেছে ১ হাজার ৬০০ ব্যালট। সোমবার (১৯ জানুয়ারি) প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি জানান, প্রবাসী ভোটারদের সঠিক ও হালনাগাদ ঠিকানা না থাকার কারণে নির্ধারিত সময়ে ব্যালট পাঠানো সম্ভব হয়নি। ফলে ডাক বিভাগ ব্যালটগুলো ফেরত পাঠিয়েছে। এ ধরনের ব্যালট আবার পাঠানোর সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
আরও
পোস্টাল ব্যালটে কারচুপির সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্ক প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়ায় ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাই অন্য কেউ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারার কোনো সুযোগ নেই। তিনি জনগণকে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সানাউল্লাহ আরও বলেন, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯ প্রকারের মার্কা ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এই ভুল কীভাবে ঘটেছে এবং এর প্রভাব কতটুকু হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।











