চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দেওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রায় ৩৬ ঘণ্টা ধরে লাশবাহী ফ্রিজারে আটকে ছিল ৭০ বছর বয়সী মো. সেকান্দারের মরদেহ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও বেদনার সঞ্চার হয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় সেকান্দার মিয়ার মৃত্যুর পর থেকেই দাফনকে কেন্দ্র করে সরাসরি দ্বন্দ্ব শুরু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর পূর্বে তিনি তাঁর সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও ওই পক্ষের সন্তানদের নামে লিখে দিয়ে যান। এতে প্রথম পক্ষের পাঁচ সন্তান ক্ষুব্ধ হয়ে সাফ জানিয়ে দেয়—সম্পত্তির বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দাফন করা যাবে না।
অন্যদিকে, দ্বিতীয় পক্ষের পরিবার জানায়, মৃত ব্যক্তির দাফন-হক্ক আগে সম্পন্ন করা এবং পরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হলেও প্রথম পক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। ফলে মরদেহ দীর্ঘ সময় ফ্রিজারে রাখা ছাড়া উপায় ছিল না।
আরও
দুই পক্ষের এই অচলাবস্থা রবিবার সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ গিয়ে উভয় পরিবারকে শান্ত করেন এবং আইনগতভাবে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দেন। পুলিশের মধ্যস্থতায় অবশেষে রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সেকান্দার মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, পারিবারিক বিরোধ এমন অমানবিক পর্যায়ে গড়ানো অত্যন্ত দুঃখজনক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি স্পষ্ট দৃষ্টান্ত।











