হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে দেশে আনার চেষ্টা করা ৯০টি আইফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–১৪৮ ফ্লাইটে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বিমান বাহিনীর এভসেক সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
সূত্র জানায়, সংশ্লিষ্ট ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভ্যন্তরীণ সকল যাত্রীকে বিশেষ নজরদারিতে রাখা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমকালে চার নারী– সামিয়া, সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাতের দেহ তল্লাশি করলে তাদের পোশাকে বিশেষভাবে লুকানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল। মোট উদ্ধারকৃত ১০২টি মোবাইল ফোনের মালিকানা বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা। নিয়ম অনুযায়ী প্রত্যেক যাত্রী একটি করে ফোন বৈধভাবে আনতে পারায় চারজনকে চারটি ফোন ফেরত দেওয়া হয় এবং বাকি ৯৮টি কাস্টমস জব্দ করে।
আরও
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্লাইটে মোবাইল ফোনসহ উচ্চমূল্যের পণ্য পাচারের চেষ্টা বাড়ায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।











