চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশটির উপকূলে পৌঁছেছেন ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি। এ সংখ্যা একই সময়ে আগত অন্যান্য দেশের অভিবাসীদের তুলনায় সবচেয়ে বেশি।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যদিও গত দুই বছরের তুলনায় ২০২৫ সালে ইতালিতে মোট অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছে, তবে বাংলাদেশিদের আগমন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছর ইতালির উপকূলে পৌঁছেছেন মোট ৫১ হাজার ৮৫৫ জন অভিবাসী, যার প্রায় ৩০ শতাংশই বাংলাদেশি নাগরিক। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৫২৬ জন, যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের পর ইতালিতে দ্বিতীয় সর্বাধিক অভিবাসী এসেছে ইরিত্রিয়া থেকে (৭ হাজার ৯০ জন), আর তৃতীয় স্থানে রয়েছে মিসর (৬ হাজার ৫৫৮ জন)। এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও তিউনিসিয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতালির পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।
আরও
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টি ছিল অভিবাসনের প্রধান মৌসুম। এর মধ্যে সেপ্টেম্বরে এক মাসেই ইতালিতে পৌঁছেছে ৮ হাজার ৩১৫ জন অভিবাসী। একই সময়ে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যাও বেড়েছে; ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের শিশু এসেছে ৯ হাজার ১৫৬ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি।
ইনফোমাইগ্রান্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করলেও বাংলাদেশের অভিবাসন প্রবাহে এর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। বরং উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা অব্যাহত রেখেছেন অনেক বাংলাদেশি।












