উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব নিলীমা আফরোজ। প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্টের নানা সুবিধা তুলে ধরেন এবং এ সেবার অগ্রগতির বিষয়ে উপস্থিতদের অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন।
আরও
বিশেষ অতিথি নিলীমা আফরোজ তার বক্তব্যে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, পাসপোর্ট সেবাকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এতে প্রবাসীরা দ্রুত, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর সেবা পাচ্ছেন।
রাষ্ট্রদূত মনিরুর ইসলাম উদ্বোধনী দিনটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের প্রবাসীবান্ধব নীতি প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।











