বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর চূড়া স্পর্শ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উচ্চতায় অবস্থিত এ শৃঙ্গ জয় করেন। গত ১ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিলেন তিনি।
অভিযান শুরুর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেন দেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। তরুণ প্রজন্মকে পর্বতারোহণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে পরিচিত করানোই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
তৌফিক আহমেদ দীর্ঘ ১৪ বছর ধরে নিয়মিত ট্রেকিং ও পর্বতারোহণের সঙ্গে যুক্ত। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ নেন। এর আগে তিনি সাতটি ৫-৬ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ এবং দুটি ৬৫০০ মিটারের পর্বত জয় করেছেন। তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে শীতকালীন থাপ্পু চুল্লি জয়, ভাগীরথী-২ জয়ের কীর্তি এবং গত বছর মাউন্ট আমা দাবলাম জয়।
আরও
মানাসলু নেপালের মানসিরি হিমাল পর্বতমালায় অবস্থিত এবং ‘আত্মার পর্বত’ নামে পরিচিত। ১৯৫৬ সালে প্রথম জাপানি একদল পর্বতারোহী শৃঙ্গটি জয় করে। এরপর দীর্ঘ সময় কেউ সফল হননি। উচ্চতায় অষ্টম হলেও মানাসলু পৃথিবীর অন্যতম প্রাণঘাতী পর্বত হিসেবে চতুর্থ স্থানে রয়েছে।
তৌফিক আহমেদের এই সাফল্যে বাংলাদেশি পর্বতারোহণে নতুন দিগন্ত যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












