লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মো. মানিক দেশে ফেরার পর স্থানীয় শ্রমিক দলের কয়েকজন উন্নয়ন কাজের নামে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় পরবর্তীতে প্রতিশোধ নিতে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মানিকের স্ত্রী জান্নাত বেগম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে। স্বামী বিদেশে থাকার কারণে সন্তানদের নিয়ে প্রায়ই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হতো। এ সুযোগে দুর্বৃত্তরা তাদের একমাত্র আধাপাকা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।
আরও
এ ঘটনায় মানিকের শাশুড়ি সেতারা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আগুনে স্বর্ণালংকারসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তিনি শুনেছেন। তবে তার দাবি, বসতবাড়ি নয়, একটি পরিত্যক্ত ঘরে আগুন লেগেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











