ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন—রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের BS-146 ফ্লাইটে ঢাকায় নামার পর ওই দুই নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন।
তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি নারী পুলিশ সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশিতে রোজিনার পরিহিত সালোয়ার থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ৫৮০ পিস।
আরও
পুলিশ জানায়, মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের প্রবণতা বেড়েছে। তবে এ ধরনের অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।












