কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের এক বৃদ্ধ দম্পতি প্রবাসী তিন ছেলের উপেক্ষার কারণে দীর্ঘদিন ধরে জীবনযাপন করছিলেন অসহায় পরিস্থিতিতে। বয়সের ভারে ন্যুব্জ তারা ঘরে একা একা দিন কাটাচ্ছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ বিল দিতে না পারায় তাদের ঘরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়, যা তীব্র গরমে জীবনকে আরও দুর্বিষহ করে তোলে।
বৃদ্ধ দম্পতি শেষ ভরসা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানবিক উদ্যোগ গ্রহণ করেন। প্রথমেই ঘরের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়, যাতে দম্পতি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।
ইউএনও প্রবাসী তিন সন্তানকে বাধ্য করেন প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ বাবা-মায়ের কাছে পাঠানোর জন্য, যাতে ভবিষ্যতে তারা আর অভাবের শিকার না হন। এ নির্দেশ বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের ওপর। এছাড়া নিয়মিত খোঁজখবর নেওয়ার কথাও বলা হয়।
আরও
মো. মাঈদুল ইসলাম জানান, “ছেলেমেয়েদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাহলেই তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।” ইউএনও’র এই মানবিক পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের প্রশংসা জানাচ্ছেন।












