মধ্যপ্রাচ্যের খ্যাতনামা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন বাংলাদেশি আলেম। তারা হলেন শায়খ শারীফ আহমাদ আল মাদানি, শায়খ এরশাদুর রহমান ও শায়খ মুশাহিদ দেওয়ান। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর তারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে সৌদি আরবে যান।
১৯৬২ সালে সৌদি বাদশাহ সাউদ বিন আবদুল আজিজের নির্দেশে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী বিদ্যাপীঠ। এখানে শরিয়াহ, দাওয়াহ, কোরআন, হাদিস ও আরবি ছাড়াও ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বর্তমানে ১৭০টিরও বেশি দেশের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ইতোমধ্যে প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা শেষ করেছেন।
নতুন নিয়োগ পাওয়া আলেমদের মধ্যে শায়খ শারীফ আহমাদ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। হবিগঞ্জের মাধবপুরের এই আলেম দীর্ঘদিন ধরে মসজিদে নববী একাডেমিতে শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের শায়খ মুশাহিদ দেওয়ান আরবি ভাষা বিভাগে যোগ দিচ্ছেন। তিনি আরবি ভাষা ও ভাষাতত্ত্বে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
আরও
অন্যদিকে কক্সবাজারের শায়খ এরশাদুর রহমান আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ভাষাতত্ত্বে মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি করছেন। তার গবেষণা ছিল বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব নিয়ে।
বাংলাদেশি আলেমদের এই সাফল্যে দেশ-বিদেশের মুসলিম নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই তাদের অভিনন্দন জানিয়ে “আলহামদুলিল্লাহ্”, “মাশাআল্লাহ্” ইত্যাদি ক্যাপশনে পোস্ট ও মন্তব্য করেছেন।












