গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়েই শুরু হয়েছিল এই প্রক্রিয়া, যা আমি গত ১১ মার্চ প্রকাশ করেছিলাম। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়, তবে একই গ্রুপ এবার আওয়ামী লীগের পুনর্বাসনের কৌশল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।”
আরও
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ সহায়তায় জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরানোর খেলা চলছে। তার ভাষ্য, “এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই। যদি এখনই আমরা এ ধরনের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সোচ্চার না হই, তবে জাতীয় পার্টিকে হাতিয়ার বানিয়ে ফ্যাসিবাদ ফেরানোর প্রচেষ্টা সফল হবে এবং বাংলাদেশ আবারও রক্তাক্ত হয়ে উঠবে।”
তিনি আরও লেখেন, নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগকে ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে হবে। তার দাবি, বিপ্লবীদের ওপর হামলা চালিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে রুদ্ধ করা যাবে না।











