এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রমে গতি আনা এবং এপিবিএনের জনবল সংকট নিরসনের বিষয়ে আলোচনা হয়।
আরও
এর আগে গত বৃহস্পতিবার এয়ার টিকেটের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে চার দফা নির্দেশনা জারি করে মন্ত্রণালয়। এর মধ্যে ছিল টিকেটের গায়ে বিক্রয়মূল্য, ট্র্যাভেল এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করা, অনিবন্ধিত এজেন্সি থেকে টিকেট না কেনা এবং সিন্ডিকেটের প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন বাতিল করার নির্দেশ। তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে না।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং টিকেট নিয়ে কারসাজির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় প্রতিনিধিদের (জিএসএ) বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে। সম্প্রতি জিএসএ বাতিলের দাবি জোরালো হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশি এয়ারলাইন্সের জিএসএদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একই বিষয়ে সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন।











