মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২০ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের আদেশে এ সম্পত্তি ক্রোক করা হয়।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে রুহুল আমিন প্রায় ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অর্থে রাজধানীর অভিজাত এলাকায় বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি।
সিআইডির তথ্য অনুযায়ী, রুহুল আমিনের মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর নামে বসুন্ধরা, বনানী ও উত্তরা এলাকায় সাতটি দলিলে মোট ২৩১ কাঠা জমি রয়েছে। দলিল অনুযায়ী এসব জমির মূল্য ১৫ কোটি টাকার বেশি হলেও এর প্রকৃত বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
আরও
সিআইডি আরও জানায়, রুহুল আমিন মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এই মামলার অগ্রগতির ফলে জনশক্তি রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করছে তদন্ত সংস্থা।











