প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের পাসপোর্টসংক্রান্ত জটিলতা অবশেষে দূর হলো। এখন থেকে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধনের জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক থাকছে না। কারও পাসপোর্ট না থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে তারা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করার পর এ সুযোগ তৈরি হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই বাংলাদেশি নাগরিক হিসেবে নিবন্ধন করা যাবে।
তবে এ ক্ষেত্রে আরও কিছু নথি দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২ ক), জন্মনিবন্ধন সনদের কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা-মাতার এনআইডি বা জন্মনিবন্ধন, প্রয়োজনে মৃত্যু সনদ কিংবা নাগরিকত্বের সনদ। এছাড়া শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি বা ইউটিলিটি বিলের কপিও প্রয়োজন হতে পারে।
আরও
এসওপিতে আরও বলা হয়েছে, বিশেষত চট্টগ্রাম বিভাগের ঘোষিত ৫৬টি উপজেলা ও থানার প্রবাসীদের জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ ফরম পূরণ করতে হবে। তবে বাধ্যতামূলক নথির মধ্যে রয়েছে— আবেদনপত্র, জন্মনিবন্ধনের কপি, একটি ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র।
নতুন এ সিদ্ধান্তে পাসপোর্ট না থাকা বা মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনের পথ অনেক সহজ হলো। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ পদক্ষেপ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।











