বরিশালের উজিরপুরে রাতের আধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রবাসী ইউনুস বয়াতীর বাড়ি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর হস্তিশুনড ফাজিল মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বসতঘরের ছাদে একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসে। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পরিবারের কেউ আহত হয়নি, তবে ঘরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানায়, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে এটিকে একটি অগ্নিসংযোগের ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
আরও
পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পূর্বে চলমান চাঁদাবাজি নিয়েই হামলার সম্ভাবনা রয়েছে। তারা অভিযোগ করেছেন, এলাকার কিছু ভাড়াটে দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছিল।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।” স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।











