ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মাধ্যমে আনা ৭৬ ভরি (৮৮৭ গ্রাম) স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এসময় স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করে এপিবিএন। রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন জানায়, সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বরে তল্লাশির সময় সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
আরও
এক ঘণ্টা পর সকাল ১০টা ২০ মিনিটে টার্মিনাল-২ থেকে মাসুম রানা (৩২) নামে আরও একজনের কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
দুপুরে (১টা ৪৫ মিনিটে) একই টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামে আরেকজনের কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ ঘটনায় সালেহ ফয়সাল ও মাসুম রানার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে বিমানবন্দর থানা।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে আছি। স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে ‘রিসিভার’ হিসেবে কাজ করছে এবং বিদেশ থেকে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনছে।











